ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে নবাগত শতাধিক আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক সনদপ্রাপ্ত ২০২৬ ব্যাচের নবীন আইনজীবীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার (১১ এপ্রিল) রাতে জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে আইন অঙ্গন ও রাজনৈতিক মহলের বিশিষ্টজনদের সরব উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব পায় তিনজন সংসদ সদস্যের উপস্থিতি। এ সময় নবীনগর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান এবং নাসিরনগর-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নানও অনুষ্ঠানে অংশ নেন।
আইনজীবী ফোরামের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ তারিকুল ইসলাম খাঁন রুমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ২০২৬ সালের ১০৬ জন নবীন আইনজীবীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় নবীন আইনজীবীদের উচ্ছ্বাসে পুরো মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তারা বলেন, নতুন প্রজন্মের আইনজীবীদের সততা, পেশাগত দক্ষতা ও ন্যায়বিচারের আদর্শকে ধারণ করে সমাজে ন্যায় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে হবে। তারা আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

