ওয়ান নিউজ ডেস্ক: ২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলনের অমর স্মৃতি ও শহীদদের আত্মত্যাগের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে গণভবনে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এর আগে গত বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই জাদুঘরের উদ্বোধন করেন। উল্লেখ্য, গত ৫ আগস্ট প্রবল গণআন্দোলনের মুখে তৎকালীন স্বৈরাচারী সরকারপ্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের রক্তক্ষয়ী সংগ্রামের নানা নিদর্শন সংরক্ষণের উদ্দেশ্যে গণভবনে এই জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল। ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক লড়াইয়ের মাইলফলক হিসেবে পরিচিত এই অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস সংরক্ষণ এবং বীর শহীদ ও যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনই এই জাদুঘর নির্মাণের মূল লক্ষ্য। জাদুঘরটি পরিদর্শনের ক্ষেত্রে সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে এবং অতিরিক্ত ভিড় এড়াতে কর্তৃপক্ষ সময়ভিত্তিক অনলাইন স্লট বুকিং পদ্ধতি চালু করেছে। আগ্রহী দর্শনার্থীদের নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা মূল্যের টিকিট সংগ্রহ করতে হবে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, দর্শনার্থীদের কেবল তাদের অনুমোদিত স্লটের সময়েই প্রবেশের সুযোগ দেওয়া হবে এবং কোনো নির্দিষ্ট দিনের স্লট সম্পূর্ণ বুক হয়ে গেলে দর্শনার্থীকে পরবর্তী দিনের ফাঁকা সময় নির্বাচন করে টিকিট নিশ্চিত করতে হবে।

