ওয়ান নিউজ ডেস্ক:
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই জনকল্যাণমূলক একাধিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। রোববার (১০ মে) শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করেন।
নতুন সরকারের প্রথম সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম ছিল সাধারণ মানুষের জন্য নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা। সরকার জানিয়েছে, রাজ্যের পরিবারগুলোকে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এছাড়া মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ইউনিট গঠনের ঘোষণাও দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী।
শপথের পর জনতার উদ্দেশে দেওয়া বক্তব্যে বিজয় আবেগঘন ভাষণে মানুষের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। রাজনৈতিক অঙ্গনে নতুন যাত্রার শুরুতেই জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেট্টিরি কাঝাগাম (টিভিকে) বড় সাফল্য অর্জন করে। যদিও এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে কয়েক দফা রাজনৈতিক আলোচনা ও জোট সমঝোতার প্রয়োজন হয়।
সবশেষে প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করার পর গভর্নরের অনুমোদনে সরকার গঠন করেন বিজয়। এখন নির্ধারিত সময়ের মধ্যে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে তাকে।

