ওয়ান নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো একদিনের সফরে সড়কপথে ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৮টা ৩৬ মিনিটে গুলশানের বাসভবন থেকে তাঁর গাড়িবহর ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। দিনব্যাপী এই কর্মমুখর সফরে দুপুর সাড়ে ১২টায় পরশুরামের খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এরপর ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ, জেলা পরিষদ ডাক বাংলোর রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধনের পর বিকেলে ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় প্রতিনিধিদের মাঝে সরকারি সম্মানীর অর্থ বিতরণ করবেন প্রধানমন্ত্রী; পরে দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

