ডেস্ক রিপোর্ট:
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চার সদস্যকে হত্যা করার ঘটনা ঘটেছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সোমবার (২০ এপ্রিল) গভীর রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের একটি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা এবং তাদের দুই শিশু সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে তারা ঘুমিয়ে পড়েন। ভোরে স্থানীয় এক নারী তাদের ঘরের দরজা খোলা দেখে সন্দেহ হলে ভেতরে গিয়ে চারজনের মরদেহ দেখতে পান এবং চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয়েছে।
স্থানীয়দের ধারণা, জমিজমা বা পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে এখনো ঘটনার সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাটি পরিকল্পিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে তদন্ত অব্যাহত রয়েছে।

