ওয়ান নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে ওসমান গনি (৪০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তিনি ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওসমান গনি বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাটি কাটাকে কেন্দ্র করে দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে প্রতিপক্ষের হামলায় ওসমান গনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার জাবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল থেকে নিহতের স্বজন ও বিএনপির নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়কে অবরোধ সৃষ্টি করেন। এ সময় কয়েকটি যানবাহনে ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হয় এবং জনদুর্ভোগ তৈরি হয়।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও দলীয় নেতাকর্মীরা দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

