আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘অত্যাচারী শাসক’ হিসেবে বর্ণনা করে তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর চলমান বর্বরতার বিরুদ্ধে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, একদিন মুসলিমদের সম্মিলিত শক্তির কাছেই নেতানিয়াহুকে উপযুক্ত শিক্ষা পেতে হবে।
বুধবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইস্তাম্বুলের চামলিজা মসজিদে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময়ের সময় তুর্কি প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।
চলমান সংকটে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাবাসীর প্রতি গভীর সমবেদনা ও সংহতি জানান এরদোগান। নিজের বিশেষ বার্তায় তিনি বলেন, ‘আমাদের পবিত্র ও আধ্যাত্মিক ভূখণ্ডের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে গাজা উপত্যকায় যেসব ভাই-বোন চরম দুঃখ, কষ্ট এবং সীমাহীন বেদনার মধ্য দিয়ে এই আনন্দের দিনটিকে স্বাগত জানাচ্ছেন, তাদের প্রতি আমি ও আমার দেশের জনগণের পক্ষ থেকে গভীর সহমর্মিতা জানাচ্ছি। একই সঙ্গে তাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।’
তুর্কি প্রেসিডেন্ট স্মরণ করিয়ে দেন যে, ধর্মীয় উৎসবগুলো মূলত মানুষের মাঝে পারস্পরিক সংহতি, ভালোবাসা, শ্রদ্ধা এবং সামাজিক বন্ধনকে সুদৃঢ় করার বার্তা নিয়ে আসে। তবে গাজায় চলমান নির্মম ও রক্তক্ষয়ী পরিস্থিতির কারণে তুরস্কসহ গোটা বিশ্বের মুসলমানদের ঈদ এবার বিষাদে রূপ নিয়েছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, নেতানিয়াহুর মতো একজন জালিম শাসক খুব শিগগিরই বিশ্ব মুসলিমের সম্মিলিত প্রতিরোধের মুখে পড়বে এবং একদিন তাদের হাতেই তার চরম পরাজয় ও উপযুক্ত শিক্ষা নিশ্চিত হবে।

