নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া-কিশোরগঞ্জ নৌ পরিবহন ঐক্য পরিষদের মানববন্ধন

নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া-কিশোরগঞ্জ নৌ পরিবহন ঐক্য পরিষদের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া-কিশোরগঞ্জ নৌ পরিবহন ঐক্য পরিষদের উদ্যোগে নৌপথে কথিত অনৈতিক চাঁদাবাজি এবং বিআইডব্লিউটিএ ও পুলিশের হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল সিএনজি স্টেশন এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নৌযান মালিক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, নৌপথে চলাচলকারী নৌযানগুলোকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে, যা নৌপরিবহন খাতের স্বাভাবিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা অবিলম্বে অনৈতিক চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা আরও বলেন, আগামী সাত দিনের মধ্যে তাদের দাবির বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। প্রয়োজনে নৌপথে চলাচল বন্ধসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তারা সতর্ক করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া নৌ পরিবহন ঐক্য পরিষদের নেতা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম মাজহার, ব্রাহ্মণবাড়িয়া বাল্কহেড (ভলগেট) মালিক সমিতির সভাপতি গাজী মোহাম্মদ নোয়াব মিয়া এবং বাজিতপুর নৌ পরিবহন শ্রমিক বহুমুখী সমিতির সভাপতি মো. কফিল উদ্দিনসহ অন্যরা।

পরে মানববন্ধন শেষে আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এক প্রতিবাদ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *