পল্লবীতে ১২টি স্পোর্টিং ক্লাব ও একাডেমির উদ্বোধন

পল্লবীতে ১২টি স্পোর্টিং ক্লাব ও একাডেমির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বমুক্ত সমাজ গড়তে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, পল্লবী ও রূপনগরের প্রতিটি ওয়ার্ডের পাড়া-মহল্লায় একটি করে স্পোর্টিং ক্লাব ও একাডেমি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও শৃঙ্খলিত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবীর ৩ নম্বর ওয়ার্ডে যুবসমাজ ও পল্লবী থানা ছাত্রদলের উদ্যোগে ১২টি স্পোর্টিং ক্লাব ও একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, শুধু ক্লাব গঠন করলেই হবে না, সারা বছর নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। এ জন্য প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম ও সার্বিক সহযোগিতা সরকারিভাবে এবং ব্যক্তিগত উদ্যোগে দেওয়ার ব্যবস্থা করা হবে।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, যুবসমাজ চাইলে সামাজিক বিশৃঙ্খলা দূর করে একটি শৃঙ্খলিত সমাজ গড়ে তুলতে পারে। তরুণেরা খেলাধুলায় মনোযোগী হলে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ অনেকাংশে কমে আসবে। এ সামাজিক পরিবর্তনে দল-মতনির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

পল্লবী ও রূপনগরে পাঁচটি ফুটসাল মাঠ নির্মাণের অনুমোদন পাওয়া গেছে জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দ্রুত এসব মাঠের নির্মাণকাজ শুরু হবে। এ ছাড়া রূপনগরের একটি মাঠকে খেলার উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে ৩২টি প্লট বরাদ্দ থাকায় বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁদের অন্য জায়গায় প্লটের ব্যবস্থা করা হলে তাঁরা মাঠের জন্য জায়গাটি ছেড়ে দিতে সম্মত হয়েছেন।

তিনি আরও বলেন, মাঠটি খেলার উপযোগী করতে কৃত্রিম ঘাস, চারপাশে সীমানাপ্রাচীর ও আলোর ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। তবে এ উদ্যোগ বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।

নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আমিনুল হক বলেন, এলাকার মানুষের পানির সংকট নিরসনে ইতিমধ্যে কয়েকটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। আরও কয়েকটি স্থানে আগামী এক সপ্তাহের মধ্যে নলকূপ স্থাপনের কাজ শুরু হবে। পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানেও কাজ করছেন তিনি।

চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, অন্যায়, চাঁদাবাজি ও দখলের সঙ্গে জড়িত কাউকেই প্রশ্রয় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। কেউ তাঁর নাম কিংবা দলের নাম ব্যবহার করে অন্যায় করলে সঙ্গে সঙ্গে তাঁকে জানানোর আহ্বান জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মিথ্যাচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপপ্রচারের পথে না গিয়ে সবাইকে সত্যের পক্ষে থাকতে হবে। মাদকমুক্ত, সুস্থ ও মানবিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কার্যক্রম ইতিমধ্যে পল্লবীর ২ নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে উল্লেখ করে আমিনুল হক বলেন, পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। প্রকৃত অসহায় ও সুবিধাপ্রাপ্য পরিবারগুলোকে চিহ্নিত করতে স্থানীয়দের সহযোগিতাও কামনা করেন তিনি।

অনুষ্ঠানে নগর বিএনপি নেতা গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টু, পল্লবী থানা ছাত্রদলের আহ্বায়ক ও কর্মসূচির আয়োজক সৈয়দ হাসান সোহেলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেলে মিরপুর সেকশন-১১-এর ব্লক-বি আবাসিক এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মসজিদুল হুদা কমপ্লেক্স ও ডুইপ প্লটে তিনটি গভীর নলকূপ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। একই সময়ে তালাব ক্যাম্পে মৃত ব্যক্তিদের গোসলের জন্য নির্মিত গোসলখানারও উদ্বোধন করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *