আন্তর্জাতিক ডেস্ক:
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৩ এপ্রিল)। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে এই দফার প্রচারণা আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে।
প্রথম ধাপে উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ১৬ জেলার ১৫২টি আসনে ভোট নেওয়া হবে। সকাল ৭টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
প্রচারণার শেষ দিনেও রাজনৈতিক দলগুলোর ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন আসনে বড় নেতারা শেষ মুহূর্তের প্রচারণায় অংশ নেন। তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আভাস মিলছে।
তবে শেষ দিনে কিছু জায়গায় উত্তেজনা ও সহিংসতার ঘটনাও ঘটেছে। পশ্চিম মেদিনীপুরে এক প্রার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে, যেখানে তিনি আহত হন এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। এছাড়া মুর্শিদাবাদে প্রচারণা ঘিরে পুলিশ ও প্রার্থীর মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও সামনে আসে।
অন্যদিকে, ভোটারদের প্রভাবিত করার অভিযোগে নন্দীগ্রামে এক রাজনৈতিক নেতাকে আটক করেছে পুলিশ।
এবারের প্রথম দফায় প্রায় ৩ কোটি ৬০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ও নারী ভোটারের সংখ্যা প্রায় সমান, পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটাররাও অংশ নিচ্ছেন।
এই ধাপে মোট ১,৪৭৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। বড় দলগুলোর পাশাপাশি আরও কয়েকটি দলও নির্বাচনে অংশ নিচ্ছে।
ভোট সুষ্ঠু করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় ২,৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ৪৪ হাজারের বেশি ভোটকেন্দ্রে নজরদারি জোরদার করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ও ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে, পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
এছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় হাজারো কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে।
উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল এবং ভোট গণনা হবে ৪ মে।

