ওয়ান নিউজ ডেস্ক: পিরোজপুরের নেছারাবাদে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ‘স্কুল ফিডিং’ কর্মসূচির ৩০ প্যাকেট দুধ চুরির অভিযোগ উঠেছে সরকারি স্বরূপকাঠী কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম মাহমুদের বিরুদ্ধে। জানা গেছে, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দক্ষিণ বিন্না কাইলান্তরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে নৌকাবাইচ চলাকালে অতিথিদের আপ্যায়নে শিক্ষকরা ব্যস্ত থাকার সুযোগে ওই ছাত্রনেতা ও তার সহযোগীরা লাইব্রেরি থেকে দুধগুলো নিয়ে যান। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে বুধবার (৩০ সেপ্টেম্বর) অভিযুক্তরা বাজার থেকে কিনে ২৭ প্যাকেট দুধ ফেরত দেন এবং না জানার কারণে বাকি ৩ প্যাকেট খেয়ে ফেলেছেন বলে দাবি করেন। এদিকে চুরির এই ঘটনাটি যথাসময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করার কারণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামকে তিন কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা শিক্ষা অফিস; অন্যদিকে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ব্যক্তির এ ধরনের অপরাধের দায় কখনোই সংগঠন নেবে না।

