ফিরে দেখা জুলাই গণঅভ্যুত্থান

ফিরে দেখা জুলাই গণঅভ্যুত্থান

শেখ হাসিনার পতনের পর যেভাবে ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা এসেছিল

ওয়ান নিউজ ডেস্ক: প্রবল ছাত্র-গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দুপুরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পদত্যাগ করে দেশ ছাড়ার পর মন্ত্রিসভা বিলুপ্ত হলে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা প্রস্তাব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ২০২৪ সালের ৬ আগস্ট ভোররাতে এক জরুরি ভিডিও বার্তার মাধ্যমে এই ঘোষণা দেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বর্তমান বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, যা আরেক সমন্বয়ক ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পেজ থেকে সম্প্রচারিত হয় এবং সেখানে আবু বাকের মজুমদারও উপস্থিত ছিলেন। পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্ধারিত ২৪ ঘণ্টার আগেই রূপরেখাটি প্রকাশ করে নাহিদ জানান যে, দেশ রক্ষার গুরুদায়িত্ব নিতে ড. ইউনূস সম্মতি জ্ঞাপন করেছেন এবং ছাত্র-জনতার প্রস্তাবিত এই কাঠামো ছাড়া অন্য কোনো বিকল্প সরকার মেনে নেওয়া হবে না। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার গঠিত না হওয়া পর্যন্ত মুক্তিকামী জনতাকে রাজপথে অবস্থানের আহ্বান জানানোর পাশাপাশি রাষ্ট্রপতির কাছে দ্রুততম সময়ের মধ্যে সরকার গঠনের জোর দাবি জানানো হয়। এরই ধারাবাহিকতায় ওইদিন সন্ধ্যা ৬টার দিকে ১৩ জন ছাত্র সমন্বয়ক বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসেন এবং পরবর্তীতে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানেরা সেখানে উপস্থিত হলে রাষ্ট্রপতি, তিন বাহিনীর প্রধান ও ছাত্রনেতাদের সম্মিলিত আলোচনার মাধ্যমেই ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের ঐতিহাসিক সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *