ওয়ান নিউজ ডেস্ক: দুর্গাপূজার আবহে আমিষ-নিরামিষ আহার নিয়ে চলমান বিতর্কের মাঝেই বাংলাদেশের গরুর মাংস ও ইলিশ মাছের প্রশংসা করে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ওপার বাংলার জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। বর্তমানে শুটিংয়ের সিলসিলায় বাংলাদেশে অবস্থানরত এই অভিনেতা এক সাক্ষাৎকারে এখানকার আতিথেয়তা ও খাবারের ভূয়সী প্রশংসা করেন এবং পছন্দের খাবারের তালিকায় গরুর মাংসের নাম নেন, এমনকি ওইদিন রাতেই তা খাওয়ার পরিকল্পনার কথা জানান। ওমনি মুহূর্তেই সেই ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন; কেউ কেউ তাকে ‘কথিত বুদ্ধিজীবী’ বলে কটাক্ষ করেন, আবার কেউ কলকাতায় ফিরলে ‘ডিম ছোড়া’র হুমকি দিয়ে তাকে ঢাকাতেই রেখে দেওয়ার দাবি জানান। অবশ্য, অন্য একটি পক্ষ অভিনেতার ব্যক্তিগত রুচি ও খাদ্যাভ্যাসের স্বাধীনতাকে সমর্থন করে সমালোচকদের ‘মুখোশধারী’ বলে অ্যাখ্যা দিয়েছেন। উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে চলচ্চিত্র ও টেলিভিশনে দাপটের সাথে কাজ করা ‘ভূতের ভবিষ্যৎ’ বা ‘রাজকাহিনি’ খ্যাত এই অভিনেতার এমন মন্তব্য, এর আগে ২০২৪ সালে বাংলাদেশের রান্না দেখাতে গিয়ে রন্ধনশিল্পী সুদীপা চট্টোপাধ্যায়ের তৈরি হওয়া বিতর্কের স্মৃতিকেই যেন নতুন করে উসকে দিল।

