ওয়ান নিউজ ডেস্ক: বাংলাদেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান ভয়াবহ বন্যা এবং ভূমিধসের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি মালদ্বীপের সরকার ও সাধারণ জনগণের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ এদেশের সরকার ও আপামর জনসাধারণের প্রতি এই সহানুভূতি জ্ঞাপন করেন। বিপর্যয়কর এই প্রাকৃতিক দুর্যোগে যারা নিজেদের আপনজনদের হারিয়েছেন এবং যাদের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে বাধাগ্রস্ত হয়েছে, তাদের পরিবারের প্রতি তিনি গভীর প্রার্থনা ও সমবেদনা জানান। চরম সংকটের এই কঠিন সময়ে মালদ্বীপ দৃঢ়ভাবে বাংলাদেশের পাশে রয়েছে উল্লেখ করে প্রেসিডেন্ট মুইজ্জু ক্ষতিগ্রস্ত এলাকার সকল মানুষের সার্বিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলার শক্তি এবং দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

