ওয়ান নিউজ ডেস্ক | ঢাকা
রাজধানীর বিজয় সরণি মোড় এলাকায় অবস্থিত কলমিলতা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার সকাল ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, বাজারের দুইতলা ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
তিনি বলেন, সকাল ৫টা ২০ মিনিটের মধ্যেই উদ্ধারকারী ইউনিটগুলো আগুন নেভানোর কার্যক্রম শুরু করে। আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট অংশ নেয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্তের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

