বৈশ্বিক উত্তেজনার মাঝেই মুখোমুখি ট্রাম্প-শি বৈঠক

বৈশ্বিক উত্তেজনার মাঝেই মুখোমুখি ট্রাম্প-শি বৈঠক

ওয়ান নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন এবং ইরানকে ঘিরে চলমান অস্থিরতার মধ্যেই বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে দুই শীর্ষ নেতার আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দুই অর্থনৈতিক শক্তির নেতাদের এই বৈঠককে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, মার্কিন প্রতিনিধি দলে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট।

তবে চীনের পক্ষ থেকে বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তাদের পূর্ণ তালিকা এখনো প্রকাশ করা হয়নি।

ধারণা করা হচ্ছে, বৈঠকে ইরান ইস্যু, তাইওয়ান পরিস্থিতি, বাণিজ্য সম্পর্ক, প্রযুক্তি খাতের নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সম্পর্কের টানাপোড়েন নতুন মাত্রা পাওয়ায় এই বৈঠককে কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক সংকটের সময়ে দুই পরাশক্তির এই আলোচনা ভবিষ্যৎ আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *