ওয়ান নিউজ ডেস্ক:
ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত না হওয়াই ভালো—এমন মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তার দাবি, দুই দেশের সম্পর্ক খারাপ থাকলে তা আসামের জন্য উপকারী হতে পারে।
সম্প্রতি এক ভারতীয় টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি চান বর্তমান সম্পর্কের পরিস্থিতি পরিবর্তন না হোক। এমনকি তিনি প্রতিদিন প্রার্থনা করেন যেন দুই দেশের সম্পর্ক আগের মতোই থাকে।
সাক্ষাৎকারে সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, সীমান্তে কঠোর নজরদারি থাকলে অবৈধ অনুপ্রবেশ কমে। বিপরীতে, সম্পর্ক ভালো থাকলে সীমান্তে নিয়ন্ত্রণ শিথিল হয়, যা আসামের জন্য ঝুঁকিপূর্ণ বলে তিনি মনে করেন।
তিনি আরও দাবি করেন, সীমান্ত এলাকায় মাঝে মাঝে আটক ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে রাখা হয় এবং পরে সুযোগ বুঝে তাদের সীমান্তে পাঠিয়ে দেওয়া হয়। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তার এই মন্তব্য নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। সাক্ষাৎকারের সঞ্চালকও এমন বক্তব্যকে বিতর্কিত হিসেবে উল্লেখ করেন। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, তিনি কেবল তার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন।
গত ১৫ এপ্রিল প্রচারিত ওই সাক্ষাৎকারের কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে এবং কূটনৈতিক অঙ্গনে অস্বস্তির সৃষ্টি করতে পারে।

