নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের নওদাপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সাহাবুল শেখকে আটক করেছে পুলিশ। এ সময় হত্যার কাজে ব্যবহার করা দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাবেল শেখ (৭০) ওই গ্রামের মৃত সামসুদ্দিন শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারে জমিজমা ও পারিবারিক বিরোধ চলছিল। বাবা ও ছেলের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। গত রোববার হাবেল শেখ ছেলেকে না জানিয়ে একটি গাছ বিক্রি করেন। জমিজমা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার সময় নিজ হাবেল শেখ নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় তাঁর ছেলে সাহাবুল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করে।
পুলিশ জানায়, ধারালো অস্ত্রের আঘাতে হাবেল শেখের গলা ও বাম হাতের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত সাহাবুলকে আটক করা হয়।
আটকের সময় অভিযুক্ত সাহাবুল শেখ বলেন, তাঁর বাবা তাঁকে সবকিছু থেকে বঞ্চিত করে আসছিলেন। নিজের জমিতে অন্য একজনকে সার ছিটাতে দেখে তাঁর মাথা গরম হয়ে যায়। তা সহ্য করতে না পেরে তিনি বাবাকে হত্যা করেছেন বলে জানান। এ ঘটনায় ফাঁসি হলেও তাঁর সমস্যা নেই বলেও মন্তব্য করেন তিনি।
হত্যার বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ন কবীর বলেন, দুপুরে ঘুমন্ত অবস্থায় পিতাকে হত্যা করে সাহাবুল। সাহাবুল ইসলাম বর্তমানে পুলিশ হেফাজতে আছে। পরিবারের পক্ষ থেকে মামলা দিলে পরিবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। পিতার সাথে পারিবারিক দ্বন্দে এই হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

