মেহেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৭ বছরের ফাহিমের

মেহেরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৭ বছরের ফাহিমের

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে দূরপাল্লার বাসের চাকায় পিষ্ট হয়ে ফাহিম হোসেন (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয় লোকজন সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নিহত ফাহিম মেহেরপুর সদর উপজেলার রাজনগর বেলেপাড়ার বাসিন্দা ইসাক হোসেনের ছেলে। সে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে স্কুল ছুটির পর রাস্তা পার হচ্ছিল ফাহিম। এ সময় চুয়াডাঙ্গাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি দ্রুতগতির দূরপাল্লার বাস তাকে ধাক্কা দেয়। এতে বাসের চাকায় তার মাথা পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। তবে বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহত শিশুর পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *