যমুনা সেতু এলাকায় দুর্ঘটনার পর তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

যমুনা সেতু এলাকায় দুর্ঘটনার পর তীব্র যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ওয়ান নিউজ ডেস্ক

যমুনা সেতু এলাকায় একাধিক সড়ক দুর্ঘটনার ঘটনায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোররাত থেকে সেতুর পূর্বপ্রান্ত থেকে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার সল্লা এলাকা পর্যন্ত প্রায় সাত কিলোমিটারজুড়ে যানবাহনের ধীরগতি ও স্থবিরতা দেখা দেয়। এতে ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রী ও চালকদের দুর্ভোগে পড়তে হয়েছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপের মধ্যেই ভোররাতে সেতুর ওপর দুটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনাকবলিত যান সরাতে সময় লাগায় ঢাকামুখী লেনে দীর্ঘ গাড়ির সারি তৈরি হয়।

পরবর্তীতে সকাল সাড়ে ৭টার দিকে সেতুর ওপর আরও একটি দুর্ঘটনা ঘটলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। এতে যানজট দ্রুত বিস্তৃত হয়ে সল্লা এলাকা পর্যন্ত পৌঁছে যায়।

যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে প্রায় ৩০ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে। অতিরিক্ত যানচাপ ও দুর্ঘটনার কারণে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, যানজট নিরসনে সেতু কর্তৃপক্ষ ও পুলিশ একযোগে কাজ করছে এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

মহাসড়কে আটকে থাকা যাত্রীদের অনেকে দীর্ঘ সময় যানবাহনে বসে থাকতে বাধ্য হন। বিশেষ করে শিশুসহ পরিবারের সদস্যদের নিয়ে ভোগান্তিতে পড়েন অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *