ওয়ান নিউজ ডেস্ক: বুধবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও অন্যান্য সংসদ সদস্যসহ সমগ্র দেশবাসীকে নিয়মিত নামাজ আদায়ের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। অধিবেশন চলাকালে নামাজের জন্য বরাদ্দকৃত আধঘণ্টা বিরতির সময় শারীরিকভাবে সুস্থ সব এমপিকে মসজিদে গিয়ে জামাতের সাথে শরিক হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, অসুস্থতার কারণে প্রধানমন্ত্রী মসজিদে যেতে না পারলেও তিনিও জামাতে নামাজ আদায়ের তাগিদ অনুভব করেন। পরকালীন জবাবদিহিতার কথা স্মরণ করিয়ে দিয়ে এই নেতা আরও বলেন, মৃত্যুর পর প্রথমেই যেহেতু নামাজের হিসাব দিতে হবে, তাই পাঁচ বছর বয়স থেকেই শিশুদের নামাজের শিক্ষা দেওয়া এবং দশ বছর বয়সে পৌঁছালে রাষ্ট্রীয় ও প্রশাসনিকভাবে নামাজ ও জাকাত ব্যবস্থা কার্যকর করা উচিত; যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের চরিত্র সুন্দর হবে। তার এই বক্তব্যের প্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান যে, ধর্মপালন সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতার বিষয় এবং পরকালের সফলতা নিজ নিজ ধর্মীয় বিধান সঠিকভাবে পালনের ওপর নির্ভরশীল; তবে তিনি আশা প্রকাশ করেন, উপস্থিত সব সংসদ সদস্যই সচেতন ও ধর্মপ্রাণ মানুষ হিসেবে স্রষ্টার নির্দেশগুলো যথাযথভাবে মেনে চলার চেষ্টা করবেন।

