ওয়ান নিউজ ডেস্ক
সন্ত্রাসীদের কোনো ধরনের অভয়ারণ্য টিকতে দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সন্ত্রাসীরা যেখানেই অবস্থান করুক না কেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা নির্মূল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
র্যাব ও পুলিশের ওপর হামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনা সরকার কঠোরভাবে মোকাবিলা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা কঠোর হাতে দমন করা হবে।
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেখানে বিভিন্ন বাহিনীর প্রশিক্ষণ একাডেমি স্থাপন এবং কারাগার স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিন ধরে আইনের শাসনের দুর্বলতার সুযোগ নিয়ে সন্ত্রাসীরা ওই এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, সন্ত্রাসীরা মনে করছে তারা আগের মতো অবস্থান ধরে রাখতে পারবে, তাই বিভিন্ন অপচেষ্টা চালাচ্ছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী এসব তৎপরতা কঠোরভাবে দমন করবে এবং কোনো সন্ত্রাসী ঘাঁটি টিকে থাকতে দেওয়া হবে না।
সন্ত্রাস, মাদক কারবার ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব অপরাধ দমনে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

