ওয়ান নিউজ ডেস্ক: প্রেস টিভির তথ্যমতে, যুক্তরাষ্ট্রের শত চাপ ও অবরোধের মুখেও ইরান কোনোভাবেই আত্মসমর্পণ করবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি মার্কিন প্রশাসনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আমেরিকানরা যদি প্রকৃত অর্থেই যোদ্ধা হয়, তবে তাদের উচিত সাধারণ মানুষের জীবন-জীবিকা, খাদ্য সরবরাহ ও বেসামরিক অবকাঠামোতে আঘাত না হেনে সরাসরি ইরানের বীর সামরিক বাহিনীর মোকাবিলা করা। ইরানের সাধারণ নাগরিকদের পানি, খাদ্য ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় মৌলিক উপাদান থেকে বঞ্চিত করার তীব্র সমালোচনা করে তিনি আরও প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই মানবিক মূল্যবোধে বিশ্বাসী হয়ে থাকে, তবে কেন তারা এমন অমানবিক আচরণ করছে। পরিশেষে মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে পেজেশকিয়ান স্পষ্ট জানিয়ে দেন যে, কোনো ধরনের চাপ প্রয়োগ করেই ইরানের জনগণকে বশ্যতা স্বীকারে বাধ্য করা যাবে না এবং তেহরান কখনোই মাথা নত করবে না।

