অনলাইন ডেস্ক
হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার পথে আবারও বাধার মুখে পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। যাত্রা শুরুর পর অল্প সময়ের মধ্যেই ইরানি কর্তৃপক্ষের নির্দেশে জাহাজটির অগ্রগতি থামিয়ে দেওয়া হয়।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ইরান হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা দিলে রাত ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ উপকূল থেকে ফুজাইরার উদ্দেশে রওনা দেয় জাহাজটি। তবে কয়েক ঘণ্টা যেতে না যেতেই তা থামিয়ে দেওয়া হয়।
সূত্র জানায়, অন্যান্য জাহাজের মতোই ‘বাংলার জয়যাত্রা’ও ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) সরাসরি অনুমতি ছাড়াই প্রণালি অতিক্রমের চেষ্টা করেছিল। রাত ১১টা ৫০ মিনিটের দিকে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে।
এর কিছুক্ষণ পর, রাত সাড়ে ১২টার দিকে ইরানি নৌবাহিনী রেডিও বার্তার মাধ্যমে সব জাহাজকে ইঞ্জিন বন্ধ রাখার নির্দেশ দেয়। একই সঙ্গে জানানো হয়, আইআরজিসির অনুমতি ছাড়া কোনো জাহাজ প্রণালি অতিক্রম করতে পারবে না।
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, অনুমতির জন্য আবেদন করা হলেও কোনো স্পষ্ট বার্তা না পাওয়ায় তারা ধরে নিয়েছিলেন প্রণালিটি চলাচলের জন্য উন্মুক্ত। ওই সময় প্রায় ৪০টির মতো বাণিজ্যিক জাহাজ একই পথে অগ্রসর হচ্ছিল এবং জয়যাত্রাও তাদের সঙ্গে যাত্রা শুরু করে।
তিনি আরও জানান, নির্ধারিত গতিতে চললে ভোর ৩টার মধ্যে জাহাজটি হরমুজ অতিক্রম করে ওমান সাগরে পৌঁছাতে পারত। কিন্তু হঠাৎ নির্দেশনা আসায় যাত্রা বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, ইরান-সংক্রান্ত উত্তেজনার কারণে এর আগে প্রায় ৪০ দিন ৩১ জন নাবিকসহ জাহাজটি আটকে ছিল। ৮ এপ্রিল যুদ্ধবিরতির পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে যাত্রা শুরু করলেও ১০ এপ্রিল প্রথমবার প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি। পরে শারজাহ বন্দরে ফিরে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় ছিল জাহাজটি।

