হাম পরিস্থিতিতে ঈদে চিকিৎসক-নার্সদের ছুটি স্থগিত

হাম পরিস্থিতিতে ঈদে চিকিৎসক-নার্সদের ছুটি স্থগিত

ওয়ান নিউজ ডেস্ক:
দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঈদুল আজহার ছুটিতেও দায়িত্বে থাকতে হবে সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের। এমন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার সচিবালয়ে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, যেসব হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে, সেখানে ঈদের সময়ও স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করবেন।

মন্ত্রী বলেন, জরুরি স্বাস্থ্যসেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। হামের রোগীদের চিকিৎসার সঙ্গে যুক্ত ডাক্তার ও নার্সদের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।

ভ্যাকসিন নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, টিকা গ্রহণ করলেও শতভাগ নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় যে কেউ আক্রান্ত হবে না। ভাইরাসের সংক্রমণ ও শরীরের প্রতিরোধক্ষমতার ওপর অনেক কিছু নির্ভর করে।

তিনি আরও বলেন, সংক্রমণ বেড়ে গেলে কিছু ক্ষেত্রে টিকা নেওয়া ব্যক্তিরাও আক্রান্ত হতে পারেন। তবে এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ঈদের সময় অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আক্রান্ত শিশুদের ভিড়যুক্ত স্থানে বা আত্মীয়দের বাসায় না নেওয়াই ভালো। এতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *