১ নভেম্বর জাতীয় যুব দিবস, ১৪ জন পাচ্ছেন জাতীয় যুব পুরস্কার

১ নভেম্বর জাতীয় যুব দিবস, ১৪ জন পাচ্ছেন জাতীয় যুব পুরস্কার

নিজস্ব প্রতিবেদক:

দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামী ১ নভেম্বর উদযাপিত হবে ‘জাতীয় যুব দিবস ২০২৬’। দিবসটি উপলক্ষে ৪ জন যুব সংগঠক ও ১০ জন সফল আত্মকর্মীসহ মোট ১৪ জনকে ‘জাতীয় যুব পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে। এ ছাড়া যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও জ্বালানি সংকট মোকাবিলায় নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এবারের জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’। প্রতিমন্ত্রী বলেন, দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। যুবকদের অসামান্য অবদানের স্বীকৃতি দিতেই এ পুরস্কার দেওয়া হচ্ছে।

তিনি জানান, আগামী ১ নভেম্বর সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিবসের মূল উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

দিবসটি উপলক্ষে সারা দেশে ১২ হাজার নবায়নযোগ্য জ্বালানিনির্ভর ও পরিবেশবান্ধব টেকসই বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কার্যক্রম উদ্বোধন করা হবে। পাশাপাশি যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ৫৫টি স্বনামধন্য প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে চাকরি মেলা। এ মেলার মাধ্যমে পর্যায়ক্রমে ৩ হাজার থেকে ৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

তিনি আরও জানান, আগামী ৩১ অক্টোবর সকালে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হবে। সরকারের বিভিন্ন প্রশিক্ষণ, যুব ঋণ ও উন্নয়ন প্রকল্প যথাযথভাবে বাস্তবায়িত হলে যুবসমাজ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জাতীয় যুব দিবস উপলক্ষে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে রয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম, খাল খনন, রক্তদান, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যুব ঋণ বিতরণ।

এসব কর্মসূচির মাধ্যমে যুবসমাজকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা এবং তাদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *