২৫ বছর পর আবার মঞ্চনাটকে নওয়াজউদ্দিন সিদ্দিকী

২৫ বছর পর আবার মঞ্চনাটকে নওয়াজউদ্দিন সিদ্দিকী

বিনোদন ডেস্ক:

রুপালি পর্দা ও ওটিটির দুনিয়ায় নিজের অভিনয় প্রতিভার অনন্য স্বাক্ষর রেখেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। তবে এই অভিনেতার অভিনয়ের শিকড় যে নাট্যমঞ্চে, তা তিনি বহুবার জানিয়েছেন। এবার সেই মঞ্চেই ফিরছেন তিনি। দীর্ঘ ২৫ বছর পর নাটক ‘নকাব’-এর মাধ্যমে আবারও থিয়েটারে অভিনয় করতে দেখা যাবে তাকে।

মঞ্চে ফেরার প্রস্তুতিও শুরু করেছেন নওয়াজউদ্দিন। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের শিকাগো সফরের একটি ছবি প্রকাশ করেন তিনি। সেখানে দেখা যায়, ‘নকাব’-এর কলাকুশলীদের সঙ্গে আমেরিকার উদ্দেশে যাত্রা করেছেন এই অভিনেতা। তার সঙ্গে রয়েছেন মেয়ে শোরা সিদ্দিকীও।

ছবির ক্যাপশনে নওয়াজউদ্দিন লিখেছেন, ‘নকাবের দলের সঙ্গে শিকাগো যাচ্ছি।’

অভিনেতার কাছে ‘নকাব’ শুধুই একটি নাটক নয়, বরং নিজের অভিনয়জীবনের শিকড়ে ফিরে যাওয়ার এক আবেগঘন অধ্যায়। মুম্বাইয়ে প্রতিষ্ঠা পাওয়ার আগে দীর্ঘদিন নাট্যমঞ্চে কাজ করেছেন তিনি। থিয়েটারের অনুশীলন, কর্মশালা ও বিভিন্ন নাট্যপ্রযোজনার অভিজ্ঞতাই তার অভিনয়জীবনের ভিত্তি তৈরি করেছে।

পরবর্তী সময়ে ‘গ্যাংস অব ওয়াসেপুর’সহ একাধিক চলচ্চিত্র ও ওয়েব সিরিজে তার অভিনয়ের যে প্রশংসা মিলেছে, তার পেছনে নাট্যমঞ্চের অভিজ্ঞতার বড় ভূমিকা রয়েছে বলে মনে করেন অনেকে।

সিনেমা ও ওটিটির ব্যস্ততার মাঝেও থিয়েটারের প্রতি ভালোবাসা ধরে রেখেছেন নওয়াজউদ্দিন। ২৫ বছর পর তার এই প্রত্যাবর্তনকে তাই শুধু একটি নাটকে অভিনয় নয়, বরং নিজের পুরোনো ঠিকানায় ফিরে যাওয়া হিসেবেই দেখছেন নাট্যপ্রেমীরা।

শিকাগো সফরে নওয়াজউদ্দিনের সঙ্গে মেয়ে শোরার উপস্থিতিও নজর কেড়েছে। ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালেই রাখতে পছন্দ করেন এই অভিনেতা। তবে বিশেষ মুহূর্তে সন্তানদের সঙ্গে কাটানো সময়ের কিছু ঝলক ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

প্রায় আড়াই দশক পর নওয়াজউদ্দিন সিদ্দিকীকে আবার নাট্যমঞ্চে দেখতে অপেক্ষায় রয়েছেন তার ভক্ত ও নাট্যপ্রেমীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *