অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। শুক্রবার দেওয়া এক সতর্কবার্তায় এ কথা জানায় ইরান।

একই সময়ে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ট্রাম্প স্বল্প সময়ের মধ্যেই একাধিক দাবি তুলেছেন, যার সবকটিই ভিত্তিহীন।

গালিবাফ সরাসরি নির্দিষ্ট কোনো দাবির উল্লেখ না করলেও যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, এসব বক্তব্য দিয়ে তারা না যুদ্ধে সফল হয়েছে, না আলোচনায় কোনো অগ্রগতি আনতে পেরেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালি খোলা থাকবে কি না কিংবা এর নিয়ন্ত্রণ কেমন হবে—তা বাস্তব পরিস্থিতির ওপর নির্ভর করবে, অনলাইন বক্তব্যের ওপর নয়।

তিনি আরও জানান, প্রণালি দিয়ে জাহাজ চলাচল নির্দিষ্ট নিয়ম মেনে এবং ইরানের অনুমতির ভিত্তিতেই পরিচালিত হবে।

এর আগে একই দিনে ডনাল্ড ট্রাম্প বলেন, ইরানের ওপর আরোপিত অবরোধ তখনই তুলে নেওয়া হবে, যখন একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। তিনি দাবি করেন, এমন একটি চুক্তি খুব কাছাকাছি রয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় এক সমাবেশে ট্রাম্প আরও বলেন, সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে ইরানের পারমাণবিক উপাদানের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিতে পারে।

তবে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ট্রাম্পের এই দাবিগুলোর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং তেহরানের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *