আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা প্রধানমন্ত্রীর

আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা প্রধানমন্ত্রীর

ওয়ান নিউজ ডেস্ক:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি ও আদর্শ নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এই বর্ষ পালন করা হবে।

শনিবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে তিনি বলেন, একটি মানবিক ও নিরাপদ রাষ্ট্র গঠনে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন। একই সঙ্গে দেশের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ পুনরুজ্জীবিত করতেও নজরুলের জীবন ও সাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, কাজী নজরুল ইসলামের চিন্তা, দর্শন ও সাহিত্যকে আন্তর্জাতিক পরিসরে আরও ছড়িয়ে দেওয়া দরকার। নতুন প্রজন্মের কাছে কবির আদর্শ পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে গড়ে তোলার সম্ভাবনা যাচাই করতে সংস্কৃতি মন্ত্রণালয় ও পর্যটন বিভাগের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তার ভাষায়, নজরুল ও বাংলাদেশের জাতীয় চেতনা একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত।

অনুষ্ঠানে নজরুল গবেষণা ও সাহিত্যচর্চায় অবদানের জন্য দুইজন গুণী ব্যক্তির হাতে সম্মাননা ও নজরুল পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়া নজরুল স্মরণিকার মোড়ক উন্মোচনের পর সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *