আ.লীগ সরকারের আমলে শিক্ষাব্যবস্থাও ধ্বংস করা হয়েছিল: প্রধানমন্ত্রী

আ.লীগ সরকারের আমলে শিক্ষাব্যবস্থাও ধ্বংস করা হয়েছিল: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীরা নিজেদের মানিয়ে নিতে না পারলে প্রতিবছর সনদধারী শিক্ষিত মানুষের সংখ্যা বাড়লেও বেকারত্ব কমবে না।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই চলবে না। এর পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি জ্ঞান এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। এসব দক্ষতার ঘাটতি শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে বেকারত্ব বাড়ার অন্যতম কারণ। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রচলিত শিক্ষাধারা থেকে বেরিয়ে এসে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী ও কর্মসংস্থান উপযোগী শিক্ষা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুই হাজার ৩০০টির বেশি কলেজের অধ্যক্ষরা দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। একজন অধ্যক্ষ কেবল প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন, তিনি শিক্ষার নেতৃত্বের কেন্দ্রবিন্দু এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনের অন্যতম কারিগর। শিক্ষার্থীদের সুপ্ত সম্ভাবনা বিকাশে অধ্যক্ষদের মেধা, যোগ্যতা, বিচক্ষণতা ও দূরদর্শিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রধানমন্ত্রী আরও বলেন, শহর ও গ্রামের মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। প্রতিষ্ঠার পর কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার গুণগত মান কতটা উন্নত হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, ফ্যাসিবাদের সময়ে দেশের অন্যান্য খাতের পাশাপাশি শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষাব্যবস্থাকে নতুন করে সাজাতে হবে। শিক্ষা খাতকে আধুনিক ও সময়োপযোগী করতে সরকার পরিকল্পনা গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে তারেক রহমান বলেন, প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থার উপযোগী করে শিক্ষকদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রচলিত শিক্ষককেন্দ্রিক পাঠদানের পরিবর্তে শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণাভিত্তিক শিক্ষাপদ্ধতি চালু করতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী ‘প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।

চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তিগত পরিবর্তনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, স্বয়ংক্রিয় প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জীবপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও ফাইভজি প্রযুক্তি ভবিষ্যতের কর্মক্ষেত্রে দ্রুত পরিবর্তন আনছে। এসব প্রযুক্তির কারণে প্রচলিত কিছু পেশা বিলুপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হলেও একই সঙ্গে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, শিক্ষা মানুষকে শক্তি জোগায়, আর সুনির্দিষ্ট লক্ষ্য সেই শক্তিকে সাফল্যে পরিণত করে। লক্ষ্য ছাড়া শিক্ষা দিকনির্দেশনাহীন যাত্রার মতো। অর্জিত জ্ঞানকে কর্মক্ষেত্রে প্রয়োগের উপযোগী দক্ষতায় রূপান্তর করাই সফলতার মূল চাবিকাঠি। এ লক্ষ্য অর্জনে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প খাতের মধ্যে কার্যকর সমন্বয় বা শিল্প-শিক্ষাপ্রতিষ্ঠান সহযোগিতা গড়ে তোলা জরুরি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *