ডেস্ক রিপোর্ট:
ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, এখন যুক্তরাষ্ট্র নতুন কৌশল ও মানবিক সহায়তাকেন্দ্রিক পদক্ষেপের দিকে এগোচ্ছে।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ‘অপারেশন এপিক ফিউরি’ নামে পরিচালিত সামরিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এবং এর পরবর্তী ধাপ হিসেবে ‘প্রজেক্ট ফ্রিডম’ কার্যক্রম চালু করা হয়েছে।
তিনি দাবি করেন, ‘প্রজেক্ট ফ্রিডম’ কেবল সামরিক উদ্যোগ নয়, বরং বৈশ্বিক মানবিক সহায়তার অংশ। তার ভাষায়, হরমুজ প্রণালিতে সৃষ্ট সংকটের কারণে বহু নাবিক ও বেসামরিক মানুষ আটকা পড়েছিলেন এবং তাদের নিরাপদ উদ্ধারের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রুবিও আরও জানান, চলমান সংঘাতের প্রভাবে বহু দেশের হাজার হাজার মানুষ ওই অঞ্চলে আটকা পড়ে আছেন। যুক্তরাষ্ট্র তাদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং আন্তর্জাতিক নৌ চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি ইরান সরকারের সঙ্গে আলোচনাকে ‘জটিল’ ও ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেন। বিশ্লেষকদের মতে, সামরিক অভিযান সমাপ্তির এই ঘোষণা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি করতে পারে।

