আন্তর্জাতিক ডেস্ক:
ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। আলোচনার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার পাকিস্তান সফরে যাচ্ছেন।
হোয়াইট হাউস জানিয়েছে, শনিবার (২৫ এপ্রিল) তারা ইসলামাবাদের উদ্দেশে রওনা হবেন। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এই সফরের মূল লক্ষ্য হচ্ছে ইরান সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার অগ্রগতি এগিয়ে নেওয়া।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ইরান আলোচনায় আগ্রহ দেখালে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা হবে। তিনি আরও ইঙ্গিত দেন, আলোচনা ইতিবাচক হলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও পাকিস্তান সফরে যেতে পারেন।
এরই মধ্যে ইরানের একটি প্রতিনিধি দলও পাকিস্তানে পৌঁছেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে আসা এই প্রতিনিধিরা পাকিস্তানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। আঞ্চলিক পরিস্থিতি ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা এই বৈঠকের প্রধান বিষয় হিসেবে থাকছে।
তবে ইরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নেই। ইরানের বক্তব্য ও অবস্থান পাকিস্তানের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে তেহরান।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট পরিস্থিতিতে এই ধরনের কূটনৈতিক উদ্যোগ ভবিষ্যৎ পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

