ওয়ান নিউজ ডেস্ক:
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা ও ধর্ষণ মামলার বিচার কার্যক্রম ঈদের পর শুরু হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, মামলার ডিএনএ রিপোর্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে হাতে পাওয়া গেলে দ্রুত আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।
শনিবার এক অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ডিএনএ পরীক্ষার ফলাফলের অপেক্ষা করা হচ্ছে। এটি ছাড়া চার্জশিট দিলে তদন্তে ভুল হওয়ার আশঙ্কা থাকতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, ঈদের আগেই মামলার বিচার শুরুর জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে। এরপর ঈদের পর আদালতে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।
একইসঙ্গে নেত্রকোণায় শিশু মেঘলা হত্যার ঘটনাতেও প্রয়োজনীয় বিচারিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানান আইনমন্ত্রী। শিশু ধর্ষণ মামলার দ্রুত নিষ্পত্তির জন্য উচ্চ আদালতে বিশেষ ব্যবস্থার আবেদন করা হবে বলেও জানান তিনি।
এদিকে গুমের শিকার পরিবারগুলোর বিষয়ে সরকার আইনি সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন মো. আসাদুজ্জামান। তিনি বলেন, গুমসংক্রান্ত আইন প্রণয়ন না হওয়া পর্যন্তও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া অব্যাহত থাকবে।
দেশে ঝুলে থাকা মামলার সংখ্যা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বর্তমানে প্রায় ৪৫ লাখ মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে আপসযোগ্য মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আগামী তিন মাসে অন্তত ৫০ হাজার মামলা নিষ্পত্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বৈষম্য তৈরি করে এমন কোনো আইন থাকলে তা পর্যালোচনা করে বাতিলের উদ্যোগ নেওয়া হবে।

