ঈদে পশু জবাই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট

ঈদে পশু জবাই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট

ওয়ান নিউজ ডেস্ক:
ঈদুল আজহাকে সামনে রেখে গরু ও মহিষসহ নির্দিষ্ট কিছু পশু জবাইয়ের ওপর পশ্চিমবঙ্গ সরকারের আরোপিত বিধিনিষেধ বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট। আদালত বলেছে, গরু কোরবানি ইসলামের বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলনের অংশ নয়।

গত বৃহস্পতিবার দেওয়া রায়ে কলকাতা হাইকোর্ট জানায়, পশ্চিমবঙ্গ সরকারের জারি করা সাম্প্রতিক নির্দেশনা মূলত ২০১৮ সালের আদালতের আগের আদেশ বাস্তবায়নের অংশ।

প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বলেন, সরকার যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা পূর্ববর্তী আদালতের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাই এটি স্থগিত বা বাতিল করার মতো কোনো কারণ নেই।

এর আগে ঈদুল আজহার আগে জারি করা ওই নির্দেশনার বিরুদ্ধে আদালতে আবেদন করা হয়েছিল। আবেদনে দাবি করা হয়, সরকারের এই সিদ্ধান্ত ধর্মীয় স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক। তবে শুনানি শেষে আদালত সেই আবেদন খারিজ করে দেয়।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, যথাযথ ‘অযোগ্য ঘোষণার সনদ’ ছাড়া ষাঁড়, বলদ, গরু, বাছুর ও মহিষ জবাই করা যাবে না। পাশাপাশি কেবল অনুমোদিত কসাইখানায় এসব পশু জবাইয়ের অনুমতি থাকবে।

আদালত আরও উল্লেখ করেছে, আইন অনুযায়ী অযোগ্য বা জবাই উপযোগী হিসেবে চিহ্নিত পশু ছাড়া অন্য কোনো পশু কোরবানি করা যাবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *