ওয়ান নিউজ ডেস্ক: দেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনুমোদিত ১৫ হাজার ৮৪৪টি পদের বিপরীতে বর্তমানে ৮ হাজার ৪৮৬টি শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক। রোববার (২৮ জুন) সকালে স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে বিভিন্ন সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য প্রকাশ করেন। মন্ত্রী জানান, শূন্য পদগুলোর মধ্যে ২ হাজার ২০৪টিতে নিয়োগের জন্য ইতিমধ্যে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) রিকুইজিশন পাঠানো হয়েছে এবং ৪৫তম বিসিএসের মাধ্যমে ৪৪৬ জন শিক্ষক নিয়োগের সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন চলছে। তবে পদোন্নতিযোগ্য ৪ হাজার ১৩১টি পদে উপযুক্ত জনবলের অভাবে পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না। শিক্ষামন্ত্রী আরও জানান, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘কারিগরি শিক্ষা’ এবং শিখন প্রক্রিয়াকে আনন্দময় করতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে দুটি নতুন পাঠ্যপুস্তক প্রবর্তন করা হবে। এছাড়া পূর্বতন আওয়ামী লীগ সরকারের আমলের ফৌজদারি মামলার কারণে বকেয়া পড়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বিধি অনুযায়ী পরিশোধের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বর্তমানে দেশে সচল ১৭৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫৬টি সরকারি, ১১৬টি বেসরকারি এবং ২টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন।

