গাংনীতে পৃথক স্থানে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

গাংনীতে পৃথক স্থানে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী উপজেলার পৃথক দুটি স্থান থেকে লাল টেপে মোড়ানো ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে ৩টি বস্তুর গায়ে ‘জয় বাংলা’ লেখা রয়েছে বলে জানা গেছে। বুধবার (১৮ নভেম্বর) পৃথক দুই সময়ে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের বলতলা ব্রিজ ও চেয়ারম্যানপাড়া এলাকা থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যানপাড়া এলাকায় মৃত রুহুল কুদ্দুসের ছেলে হযরত আলীর বাড়ির মার্কেটের সামনে দুর্বৃত্তরা লাল টেপে মোড়ানো ৩টি বোমা সদৃশ বস্তু রেখে যায়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে। এ সময় তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

অন্যদিকে, একই ইউনিয়নের বলতলা বাজারসংলগ্ন ব্রিজের ওপর থেকে আরও ৩টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, রাতের আঁধারে দুর্বৃত্তরা সেগুলো ব্রিজের ওপর রেখে যায়। খবর পেয়ে সকাল আনুমানিক ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে। উদ্ধার হওয়া এসব বস্তুর গায়েও ‘জয় বাংলা’ লেখা দেখা গেছে।

পৃথক দুটি স্থান থেকে একই ধরনের বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায়  স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে এসব বস্তু রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। 

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বস্তুগুলো উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *