গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার-আটক ৩

গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার-আটক ৩

ওয়ান ‍নিউজ ডেস্ক


কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের সময় তিন সদস্যের একটি চক্রকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। তাদের কাছ থেকে ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি ইয়াবা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে রামু উপজেলার রামু রাবার বাগান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া এলাকার সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পশ্চিম নাউ এলাকার সিমা ইসলাম (২২) এবং ঢাকার দারুসসালাম থানার দক্ষিণ বিশিল এলাকার উর্মি আক্তার উষা (১৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো সাদা রঙের একটি টয়োটা সিএইচআর প্রাইভেটকার তল্লাশি চালানো হয়। এ সময় স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো তিনটি পোটলা থেকে মোট ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে ইয়াবা বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ছাড়া আটক ব্যক্তিদের কাছ থেকে চারটি স্মার্টফোন, গাড়ির ফিটনেস সনদ এবং ট্যাক্স টোকেন জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল বলেন, ‘আটক তিন জনের বিরুদ্ধে অধিদফতরের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন। সরকারি প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে মাদক পাচারের এই কৌশল অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা এবং স্টিকারটি কীভাবে সংগ্রহ করা হয়েছে, সে বিষয়েও তদন্ত চলছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *