ওয়ান নিউজ ডেস্ক
গ্যাসের মূল্য অপরিবর্তিত থাকায় গ্যাসচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি সতর্ক করে বলেন, কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে বিআইডব্লিউটিএর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী জানান, ডিজেলচালিত পরিবহনের ক্ষেত্রে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে কিলোমিটারপ্রতি ভাড়া সমন্বয় করা হয়েছে। তবে গ্যাসচালিত যানবাহনের জন্য আগের নির্ধারিত ভাড়াই বহাল থাকবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে পরিবহন ভাড়াও সমন্বয় করা হবে। এ ক্ষেত্রে আলাদা বৈঠকের প্রয়োজন হবে না; বিআরটিএ প্রজ্ঞাপন জারি করলেই তা কার্যকর হবে।
ভাড়া নির্ধারণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, জ্বালানির দাম বাড়লে যেমন ভাড়া বাড়বে, তেমনি কমলে ভাড়াও কমানো হবে।
রাজধানীর যানজট ও বিশৃঙ্খলা কমাতে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনার কথাও জানান তিনি। ধাপে ধাপে প্রধান সড়কগুলোতে এ নিয়ন্ত্রণ কার্যকর করা হবে বলে জানান।
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রসঙ্গে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি দীর্ঘদিন ধরে চললেও সরকার তাৎক্ষণিকভাবে সমন্বয় করেনি। তবে ভর্তুকির চাপ ও পাচারের ঝুঁকি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত সীমিত পরিসরে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

