ওয়ান নিউজ ডেস্ক:
রাজধানীর মোহাম্মদপুরে কোরবানির ঈদকে সামনে রেখে ছাগলের হাট বসানোকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে সূচনা কমিউনিটি সেন্টারসংলগ্ন এলাকায় এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, হাটের নিয়ন্ত্রণ ও পরিচালনা নিয়ে প্রথমে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে।
জানা গেছে, প্রতি বছর ওই এলাকায় অস্থায়ী পশুর হাট বসানো হয়। এবার হাট পরিচালনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে বিরোধ দেখা দেয়।
স্থানীয় সূত্র বলছে, কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের আরও নেতাকর্মী ঘটনাস্থলে জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষের সময় আশপাশের ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর মোহাম্মদপুর কৃষি মার্কেট ও সংলগ্ন এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ঘটনাটি নিয়ে পুলিশ তথ্য সংগ্রহ করছে। প্রাথমিকভাবে এটি বাকবিতণ্ডা থেকে সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

