ওয়ান নিউজ ডেস্ক:
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপরই আলোচিত এক সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক নেতা থালাপতি বিজয়। রাজ্যের বিভিন্ন মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাস টার্মিনালের আশপাশে থাকা শত শত সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী দুই সপ্তাহের মধ্যে ৭১৭টি মদের দোকান বন্ধ করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের আগে দেওয়া ‘মদমুক্ত তামিলনাড়ু’ গড়ার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
সরকারি হিসাব অনুযায়ী, বর্তমানে রাজ্যে কয়েক হাজার লাইসেন্সধারী মদের দোকান চালু রয়েছে। এর মধ্যে ধর্মীয় উপাসনালয়, স্কুল-কলেজ ও বাস স্ট্যান্ডের কাছাকাছি অবস্থান করা দোকানগুলো প্রথম ধাপে বন্ধ করা হচ্ছে।
তামিলনাড়ুর রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হওয়া বিজয়ের দল সাম্প্রতিক নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পায়। পরে কয়েকটি দলের সমর্থন নিয়ে সরকার গঠন করেন তিনি।
বিশ্লেষকদের মতে, মদের ব্যবসা থেকে সরকার বিপুল রাজস্ব আয় করলেও সামাজিক প্রভাব ও জনস্বার্থ বিবেচনায় বিজয় এই সিদ্ধান্ত নিয়েছেন। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনার আশপাশে মদের দোকান থাকাকে দীর্ঘদিন ধরেই সমালোচনার চোখে দেখা হচ্ছিল।
এদিকে সম্প্রতি রাজ্যের মদ বিক্রয় সংক্রান্ত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত শুরু করে ভারতের কেন্দ্রীয় সংস্থা ইডি। তদন্তে অবৈধ অর্থ লেনদেন, অতিরিক্ত অর্থ আদায় এবং টেন্ডার জালিয়াতির অভিযোগ উঠে আসে।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, বিজয়ের এই পদক্ষেপ একদিকে যেমন জনমনে ইতিবাচক বার্তা দেবে, অন্যদিকে দীর্ঘদিনের প্রভাবশালী সিন্ডিকেট ও অনিয়মের বিরুদ্ধেও চাপ তৈরি করবে।

