দুই দশক পর স্বস্তি, ২৭তম বিসিএসের আরও ৯৬ প্রার্থী পেলেন নিয়োগ

দুই দশক পর স্বস্তি, ২৭তম বিসিএসের আরও ৯৬ প্রার্থী পেলেন নিয়োগ

ওয়ান নিউজ ডেস্ক: দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে ২৭তম বিসিএসে উত্তীর্ণ আরও ৯৬ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর আগে একই বিসিএসের আরও কয়েকশ প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মে’র মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দিলে সেটিকে চাকরিতে অনাগ্রহ হিসেবে বিবেচনা করা হবে এবং নিয়োগ বাতিল হতে পারে।

সরকার জানিয়েছে, নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা রক্ষায় তাদের ব্যাচের মূল নিয়োগের তারিখ থেকেই কার্যকারিতা গণ্য করা হবে। তবে এ কারণে তারা অতীতের কোনো আর্থিক সুবিধা বা বকেয়া ভাতা পাবেন না।

উল্লেখ্য, ২৭তম বিসিএস নিয়ে জটিলতার শুরু হয় ২০০৭ সালে। ওই সময় প্রথম মৌখিক পরীক্ষার ফল প্রকাশের পর অনিয়মের অভিযোগ তুলে তা বাতিল করা হয় এবং পুনরায় মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পরে বিষয়টি নিয়ে দীর্ঘ আইনি লড়াই শুরু হয়।

বছরের পর বছর আদালতে মামলা চলার পর সুপ্রিম কোর্টের নির্দেশনায় নিয়োগবঞ্চিতদের পক্ষে রায় আসে। সেই ধারাবাহিকতায় ধাপে ধাপে বঞ্চিত প্রার্থীদের নিয়োগ দেওয়া হচ্ছে।

প্রার্থীদের অনেকেই দুই দশকের অপেক্ষার পর সরকারি চাকরিতে যোগদানের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *