দুর্গাপূজার নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ বিজিবির অধিনায়কের পূজামণ্ডপ পরিদর্শন

দুর্গাপূজার নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ বিজিবির অধিনায়কের পূজামণ্ডপ পরিদর্শন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে পূজা উদযাপন ও প্রতিমা বিসর্জনের পরিবেশ বজায় রাখতে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকার বিখারী আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। বিজিবির অন্যান্য কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবিও নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে। পূজারীরা যাতে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে পূজা উদযাপন ও প্রতিমা বিসর্জন করতে পারেন, সে লক্ষ্যে কাজ করছে বিজিবি।

৬০ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তের ৭৯ দশমিক ১ কিলোমিটার অংশে এবং সীমান্ত থেকে আট কিলোমিটারের মধ্যে অবস্থিত মোট ৫৬টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি কাজ করছে বলে জানানো হয়।

উল্লেখ্য, এ বছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৬২৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সীমান্তবর্তী কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলায় রয়েছে ১৪৯টি পূজামণ্ডপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *