ওয়ান নিউজ ডেস্ক:
ঘুষ ও দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে দুই বছরের স্থগিতাদেশসহ মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। চীনা গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই রায়ের ফলে তাদের বাকি জীবন কারাগারেই কাটানোর সম্ভাবনা রয়েছে।
দণ্ডপ্রাপ্ত দুই সাবেক মন্ত্রী হলেন জেনারেল ওয়েই ফেংহে ও জেনারেল লি শাংফু। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ওয়েই ফেংহে ঘুষ নেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। অন্যদিকে লি শাংফুর বিরুদ্ধে ঘুষ গ্রহণের পাশাপাশি ঘুষ দেওয়ার অভিযোগও প্রমাণিত হয়েছে।
তবে অভিযোগের বিস্তারিত পরিমাণ বা ঘটনার নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
বিশ্লেষকদের মতে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সামরিক বাহিনীতে দুর্নীতি ও আনুগত্যহীনতার বিরুদ্ধে যে শুদ্ধি অভিযান চালাচ্ছেন, এই রায় তারই অংশ। সাম্প্রতিক বছরগুলোতে চীনের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে দুর্নীতিবিরোধী অভিযানে একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাকে অপসারণ ও গ্রেপ্তার করা হয়েছে।
চীনের আইন অনুযায়ী, দুই বছরের স্থগিতাদেশসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি কারাগারে ভালো আচরণ করলে পরে সেই সাজা সাধারণত যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করা হয়।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এই ঘটনা চীনের সামরিক নেতৃত্বে চলমান অস্থিরতা এবং কেন্দ্রীয় সরকারের কঠোর অবস্থানের ইঙ্গিত বহন করছে।

