একেএম বজলুর রহমান, পঞ্চগড়:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় পঞ্চগড়ের সিভিল সার্জন ডা: মো: মিজানুর রহমান, দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:সুমন ধর, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন কালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব, পঞ্চগড় ২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ স্বাস্থ্য কমপ্লেক্সের পরিষ্কার-পরিচ্ছন্নতা, ড্রেনেজ ব্যবস্থা, ভবনের অবকাঠামোসহ প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় হাসপাতালের বাস্তব চিত্র দেখে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বর্তমানে ৫০ শয্যাবিশিষ্ট হলেও প্রতিদিন রোগীর চাপ অনেক বেশি। শুক্রবার দিনেও এখানে ভর্তি ছিলেন বেশি। ফলে অতিরিক্ত রোগীদের মেঝেতে থাকতে হচ্ছে।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, এ অবস্থায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দ্রুত ১০০ শয্যায় উন্নীত করা অত্যন্ত জরুরি। পরিদর্শনকালে তিনি হাসপাতালের ড্রেনেজ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার দুরবস্থার কথাও উল্লেখ করেন তিনি। হাসপাতালের ময়লা ও ব্যবহৃত চিকিৎসা সামগ্রী আরও সুশৃঙ্খল ভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার প্রয়োজন রয়েছে বলে জানান।
এ ছাড়া হাসপাতালের অন্যতম বড় সমস্যা হিসেবে পর্যাপ্ত চিকিৎসক ও জরুরি চিকিৎসা যন্ত্রপাতির ঘাটতির কথা তুলে ধরেন তিনি।

