ওয়ান নিউজ ডেস্ক
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনেই সেনাবাহিনী দীর্ঘ সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় ধীরে ধীরে সদস্যরা ব্যারাকে ফিরে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমে মনোযোগ দিচ্ছেন।
বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাসে ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব হচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুত থাকা, পেশাগত দক্ষতা বৃদ্ধি করা এবং বাহিনীর শৃঙ্খলা ও নৈতিক মান বজায় রাখা। সেই লক্ষ্যেই এখন সদস্যরা নিয়মিত প্রশিক্ষণ ও সামরিক প্রস্তুতির দিকে ফিরে যাচ্ছে।
তিনি জানান, ২০২৪ সালের ২০ জুলাই থেকে দেশের বিশেষ পরিস্থিতিতে সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করেছে। দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সেনাসদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ওয়াকার-উজ-জামান বলেন, দেশের প্রয়োজনে ভবিষ্যতেও সেনাবাহিনী প্রস্তুত থাকবে। সরকার যখনই প্রয়োজন মনে করবে, তখনই বাহিনী দায়িত্ব পালনে এগিয়ে আসবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পরও সেনাসদস্যরা তাদের প্রশিক্ষণ ও দক্ষতা ধরে রেখেছেন। সাম্প্রতিক ফায়ারিং প্রতিযোগিতায় তাদের পারফরম্যান্স অত্যন্ত প্রশংসনীয় এবং তা বাহিনীর পেশাদারিত্বেরই প্রমাণ।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান।

