দেশে হামের ভয়াবহতা বাড়ছেই, দুই মাসে প্রাণ গেল ৪৫১ জনের

দেশে হামের ভয়াবহতা বাড়ছেই, দুই মাসে প্রাণ গেল ৪৫১ জনের

নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ায় স্বাস্থ্যখাতে উদ্বেগ

ওয়ান নিউজ ডেস্ক:
দেশজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত দুই মাসে হাম ও এ-সংক্রান্ত উপসর্গে আক্রান্ত হয়ে মোট ৪৫১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ৭৪ জনের শরীরে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। এছাড়া উপসর্গ নিয়ে আরও ৩৭৭ জন মারা গেছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত তথ্য থেকে জানা যায়, গত ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত সারা দেশে এই মৃত্যুর ঘটনা ঘটে।

সর্বশেষ ২৪ ঘণ্টাতেই হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয় এবং আটজন উপসর্গ নিয়ে মারা যায়।

একই সময়ে নতুন করে ১১১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া আরও এক হাজারের বেশি শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত দুই মাসে দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন সাত হাজারের বেশি মানুষ। অন্যদিকে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত চল্লিশ হাজারের বেশি রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে অধিকাংশ চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও এখনও অনেক শিশু চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকা না পাওয়া এবং সচেতনতার ঘাটতির কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। তারা দ্রুত টিকাদান কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে নজরদারি, চিকিৎসাসেবা ও জরুরি স্বাস্থ্য সহায়তা বাড়ানো হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ টিকাদান কর্মসূচিও অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *