ওয়ান নিউজ ডেস্ক
নাইজেরিয়ায় সন্ত্রাসবিরোধী যৌথ অভিযানে মার্কিন ও নাইজেরীয় বাহিনীর হাতে অন্তত ১৭৫ জন নিহত হয়েছেন। গত তিন দিনে পরিচালিত এই অভিযানে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি, অস্ত্রাগার ও লজিস্টিক কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।
মঙ্গলবার (১৯ মে) দেওয়া এক বিবৃতিতে নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল সামাইলা উবা জানান, ১৬ মে থেকে ১৯ মে পর্যন্ত চলা অভিযানগুলোতে এই হতাহতের ঘটনা ঘটে।
তিনি বলেন, অভিযানের সময় বিভিন্ন এলাকায় থাকা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চেকপয়েন্ট ও অস্ত্র মজুতকেন্দ্র লক্ষ্য করে বিমান ও স্থল হামলা চালানো হয়। এতে গোষ্ঠীগুলোর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে দুর্বল হয়ে পড়ার পর সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে সক্রিয়তা বাড়িয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আফ্রিকায় ‘ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স’ (আইএসডব্লিউএপি) নামে সংগঠনটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আন্তর্জাতিক সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে আইএসের বৈশ্বিক তৎপরতার বড় অংশই আফ্রিকার বিভিন্ন দেশে সংঘটিত হয়েছে।
নাইজেরিয়ায় দীর্ঘদিন ধরেই আইএসডব্লিউএপি, বোকো হারাম ও আল-কায়দা সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর সহিংসতা অব্যাহত রয়েছে। এসব গোষ্ঠী হত্যা, অপহরণ, ডাকাতি ও মুক্তিপণের মতো অপরাধে জড়িত বলে অভিযোগ রয়েছে।
চলতি বছরের শুরুতে নিরাপত্তা সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় নাইজেরিয়া। এরপর দেশটিতে প্রায় ১০০ মার্কিন সামরিক কর্মকর্তা মোতায়েন করা হয়। তারা নাইজেরীয় সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বড় অভিযানে সরাসরি অংশ নিচ্ছেন।
প্রতিরক্ষা বাহিনীর দাবি, সাম্প্রতিক অভিযানে আইএসের বৈশ্বিক নেতৃত্ব পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি আবু বিলাল আল-মিনুকি নিহত হয়েছেন। এছাড়া আইএসডব্লিউএপি-এর আরও কয়েকজন শীর্ষ নেতাও নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।
মেজর জেনারেল সামাইলা উবা বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলো পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।

