ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। এতে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম (ভিপি তাজু) নিজ নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন।
রোববার বিকেলে শহরের জেলা পরিষদ চত্বরে জেলা যুবদলের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভিপি তাজুর নেতৃত্বে আসা মিছিলটি সেখানে সমাবেশে অংশ নেয়। পরে সমাবেশ শেষে জেলা যুবদলের আয়োজিত মূল বিক্ষোভ মিছিলে যুক্ত হয়ে নেতাকর্মীদের সঙ্গে মিছিল করেন তিনি। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এতে কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এজমল হোসেন পাইলট ও সহ-সাধারণ সম্পাদক আবু বক্কর পাভেল অংশ নেন। এছাড়াও জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো ষড়যন্ত্র যুবদল ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতা রক্ষায় নেতাকর্মীদের রাজপথে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

