ওয়ান নিউজ ডেস্ক:
বর্তমান সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) দ্বিতীয় বৈঠক শুরু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে মোট ১৭টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নে আনুমানিক প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।
আলোচ্য প্রকল্পগুলোর মধ্যে আর্থসামাজিক অবকাঠামো খাতের ৪টি, কৃষি ও পানি সম্পদ সংশ্লিষ্ট ২টি এবং ভৌত অবকাঠামো বিভাগের ১১টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া, পরিকল্পনা মন্ত্রীর অনুমোদন পাওয়া আরও ৩৩টি প্রকল্প বৈঠকে অবগতির জন্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে।
এর আগে, চলতি মাসের ৬ এপ্রিল অনুষ্ঠিত প্রথম একনেক সভায় ৪৮৩ কোটি টাকার বেশি ব্যয়ে ৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল। সেদিন সময় সংকটের কারণে সব প্রকল্প নিয়ে আলোচনা শেষ করা সম্ভব হয়নি। ফলে বাকি প্রকল্পগুলো বর্তমান বৈঠকে পুনরায় আলোচনায় আনা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হলেও এবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে বৈঠক হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনিক কার্যক্রম সহজ করার লক্ষ্যেই এ পরিবর্তন আনা হয়েছে।

