বগুড়ায় গড়ে উঠছে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক বিমানঘাঁটি

বগুড়ায় গড়ে উঠছে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক বিমানঘাঁটি

ওয়ান নিউজ ডেস্ক:

উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, শিল্প-বাণিজ্য ও বিমান খাতে বড় ধরনের পরিবর্তন আনতে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটি নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর পাশাপাশি পাইলট প্রশিক্ষণ কেন্দ্র, কার্গো সুবিধা ও আধুনিক অ্যাভিয়েশন অবকাঠামো গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল বগুড়া বিমানবন্দর এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধি দলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা জানান, বগুড়াকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাভিয়েশন ও অর্থনৈতিক কেন্দ্রে রূপ দিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের আওতায় বড় আকারের রানওয়ে নির্মাণ করা হবে, যাতে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা করতে পারে।

এছাড়া উত্তরাঞ্চলের কৃষি ও শিল্পপণ্য দ্রুত পরিবহনের জন্য আধুনিক কার্গো টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এতে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরাঞ্চলে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক বিমানঘাঁটি স্থাপনের প্রাথমিক অনুমোদন ইতোমধ্যে পাওয়া গেছে। সেখানে প্রশিক্ষণ, নিরাপত্তা ও অপারেশনাল কার্যক্রমের জন্য উন্নত প্রযুক্তিনির্ভর সুবিধা গড়ে তোলা হবে।

সরকারি সূত্রে আরও জানা গেছে, বগুড়ায় আন্তর্জাতিক মানের ফ্লাইং অ্যাকাডেমি ও পাইলট ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে এ খাতে দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বগুড়াসহ পুরো উত্তরাঞ্চলে শিল্পায়ন, পর্যটন, কর্মসংস্থান ও বৈদেশিক বাণিজ্যে নতুন গতি আসবে। পাশাপাশি দেশের কৌশলগত গুরুত্বও আরও বাড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *